প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম (ভিজিট : ৩২)

X
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে করা হয়েছে ২৭ জানুয়ারি। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ তথ্য জানান।
নির্বাচনী সফরসূচির সুবিধার্থে এ পরিবর্তন জানিয়ে মজিবর রহমান সরোয়ার বলেন, ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শুক্রবার তিনি মাঠ পরিদর্শন করেছেন। তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার।
তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে। জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা।