বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্র করেও কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে এককভাবে ক্ষমতায় যাবে। ক্ষমতায় এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”
শনিবার সকালে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
দুলু সারাদিন তেবাড়িয়া ইউনিয়ন ও নলডাঙ্গার বিভিন্ন গ্রামে সভা-সমাবেশ ছাড়াও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে মানুষ দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা দেখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে হানাহানি, সন্ত্রাস ও জুলুমমুক্ত একটি সুন্দর দেশ গড়বে।”