প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : ৬৪)

X
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাহাজ মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. আনোয়ারুল চৌধুরী জীবন ২৪ জানুয়ারি শনিবার সকালে সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শামসুল আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জীবন চৌধুরী বলেন, “আমি মানবসেবক মানুষ। আমার কোন অহংকার নেই। আমার বাড়ি বিরল উপজেলায়। আমি পূর্বে তিনবার নির্বাচন করেছি, তখন ভোট পাননি। এবার আমি চতুর্থবার অংশ নিচ্ছি। আমি সবাইকে মানুষ হিসেবে দেখি; আমার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম কোন ভাগ নেই। আমার নীতি হলো—ভালবাসাই ধর্ম, সেবা উত্তম কর্ম।”
তিনি আরও বলেন, “বিরল-বোচাগঞ্জ এলাকায় মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সন্তানরা নষ্ট হচ্ছে। সেতাবগঞ্জ চিনিকল বন্ধ, বিরল স্থলবন্দর কার্যকর হচ্ছে না। ইটের ভাটা ও অটো-রাইস মিলের ছাই পরিবেশ নষ্ট করছে। সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানসহ বিরল-বোচাগঞ্জে একটি বড় টেকনিক্যাল কলেজ নির্মাণ করব, যেখানে ধনী-গরীব সকলের সন্তানকে পড়াশোনা ও চাকরির সুযোগ দেওয়া হবে।”
ড. জীবন চৌধুরী আরও বলেন, “আমি ২৫ বছর ধরে নির্বাচিত না হয়েও মানুষের সেবা করে যাচ্ছি—মেডিক্যাল টিম, হাসপাতাল, ভিটামিন ও ওষুধ বিতরণসহ। আমার লক্ষ্য মানবসেবা করা। সাংবাদিক ভাইয়েরা যদি আমার পাশে না আসেন এবং প্রচার না করেন, তাহলে একার পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হবে।”
সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিক, ড. জীবন চৌধুরীর সেবা ক্যাম্পের নেতৃবৃন্দ এবং জাহাজ মার্কা প্রতীকের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।