প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৩৬)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী বন্ধুদের গণিতভীতি দূর করতে এবং শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব ও বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি)বিকালে আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ডা. নাকিব আনামের সভাপতিত্বে ও শিক্ষার্থী সামিহা রহমান এবং জোয়াইরিয়া আমিন সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
স্বাগত বক্তব্য রাখেন, রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সহকারি শিক্ষক আম্বিয়া খাতুন,রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তানভির আহমেদ লিংকন প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে ৬টি গ্রুপে ১৮ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও স্মারক সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
এর আগে সকালে পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়ানোর মাধ্যমে গণিত উৎসবের কার্যক্রম শুরু হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ শ্রেণির ৪৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।