প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৮:৩৯ পিএম (ভিজিট : ১০০)

X
চিরসবুজ মিত্রতা নামে একটি সুগঠিত ফেসবুকভিত্তিক গ্রুপের উদ্যোগে তৃতীয়বারের মতো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) গাজীপুরের সালনায় রিভেরি রিসোর্টে দিনব্যাপী এই বনভোজনের আয়োজন করা হয়।
গ্রুপটির একমাত্র প্রতিষ্ঠাতা ও সভাপতি রীনা সাহা নীতুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চিরসবুজ মিত্রতার সদস্যরা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, একই নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া গ্রুপ থাকলেও এটি চিরসবুজ মিত্রতার মূল ও সক্রিয় প্ল্যাটফর্ম।
ফেসবুকে হাজারো সদস্যসংবলিত অনেক গ্রুপ থাকলেও বাস্তব কার্যক্রমের ঘাটতি দেখা যায়। সেখানে তুলনামূলকভাবে অল্প সদস্য নিয়ে চিরসবুজ মিত্রতা নিয়মিত বাস্তব আয়োজন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান অংশগ্রহণকারীরা।
বনভোজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘সংখ্যার চেয়ে গুণগত মানের অগ্রাধিকার’। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও লটারি ড্র ছিল দিনের বিশেষ আকর্ষণ।
সারাদিনব্যাপী হাসি-আড্ডা, খাওয়া-দাওয়া ও আন্তরিক মিলনমেলার মধ্য দিয়ে বনভোজনটি সম্পন্ন হয়। আয়োজকদের মতে, পরিবারভিত্তিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও মানবিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই চিরসবুজ মিত্রতা এ ধরনের আয়োজন নিয়মিত করে আসছে।
অনুষ্ঠানটি সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা আশা প্রকাশ করেন।