প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম (ভিজিট : ১৫৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–কে সামনে রেখে ভোটগ্রহণে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান–কোনো ধরনের অনিয়ম করা যাবে না।”
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেককে দায়িত্বশীল ও আইনানুগভাবে কাজ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন।
একপর্যায়ে জেলা প্রশাসক গণভোটের পক্ষে সর্বসাধারণের সঙ্গে প্রচারণায় অংশ নেন এবং গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
যৌথ মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা।
কর্মশালা ও মহড়ার মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।