প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম (ভিজিট : ৩৩)

X
১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের এমপি প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র।
শনিবার (২৫ জানুয়ারি) আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের সকল ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করতে পারবে। রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, নারীদের জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যুব সমাজের জন্য প্রতি মাসে উচ্চশিক্ষায় বিনামূল্যে স্কলারশিপের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আখাউড়া–কসবা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, সরকার কর্তৃক বরাদ্দ আয়-ব্যয়ের হিসাব প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করা হবে। এছাড়া প্রতিটি গ্রামের প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে। জনগণের সকল সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
ধরখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, সেক্রেটারি বোরহান উদ্দিন, জেলা শূরা সদস্য আব্দুল মুত্তালিব, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, লন্ডন প্রবাসী জামিল ভুঁইয়া ও ইতালি প্রবাসী জিয়াউল করিম ভুঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।