
X
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬” উপলক্ষে কুমিল্লা সেক্টরের আওতাধীন ইউনিটসমূহে বিজিবির নির্বাচনী দায়িত্ব ও অপারেশনাল প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ, বিজিবিএম, জি+ এ তথ্য জানান।
তিনি বলেন, কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী—এই ৬টি জেলার ৫৩টি উপজেলা এবং ৩৪টি সংসদীয় আসনে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে।
ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে (সেনাবাহিনী ব্যতীত) দায়িত্ব পালন করবে। এছাড়া অন্যান্য সীমান্তবর্তী ৯টি উপজেলা এবং অবশিষ্ট ৪১টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে “মোবাইল স্ট্রাইকিং ফোর্স” হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়—
●ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি): ১৯টি উপজেলা, ১২টি সংসদীয় আসন
●কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি): ২২টি উপজেলা, ১৪টি সংসদীয় আসন
●সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি): ৫টি উপজেলা, ৩টি সংসদীয় আসন
●সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি): ৭টি উপজেলা, ৫টি সংসদীয় আসন
নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬–এর মধ্যে কুমিল্লা সেক্টরের আওতাধীন ৬ জেলায় ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। মোতায়েনকৃত সদস্যরা জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচনের পাশাপাশি কুমিল্লা সেক্টরের ৩২৭.৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ৬১টি বিওপি, ৩টি আইসিপি ও ৭টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে—
●জব্দকৃত চোরাচালান পণ্যের মূল্য: ৯৪ কোটি ৪১ লাখ ৪ হাজার ৯৬৫ টাকা
●জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য: ৪ কোটি ৫ লাখ ৪ হাজার ১৭৫ টাকা
●মোট জব্দের মূল্য: ৯৮ কোটি ৪৬ লাখ ৯ হাজার ১৪০ টাকা
●দায়েরকৃত মামলা: ১,৮০০টির বেশি
●গ্রেপ্তার: ৩৮ জন
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৩ জানুয়ারি ২০২৬ রাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করা হয়। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
শেষে বিজিবি অধিনায়ক বলেন, জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বদা প্রস্তুত। এ কাজে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।