প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ১০৬)

X
দিনাজপুরের ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের ৫ম তলায় এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধনী ঘোষণা দেন। তার পক্ষে অনুষ্ঠানে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ হাসান। উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান কেন্দ্রটির নির্মান ঠিকাদার বিশিষ্ট ব্যাবসায়ী শোয়েব পাপ্পুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা তছলিমা বেগম।
ইউএনও আহমেদ হাসান বলেন, আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য।
তিনি জানান, এই কেন্দ্রে কম্পিউটার বেসিক, গ্রাফিক ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন, অনলাইন ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।