
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম-নির্যাতন চিরতরে বন্ধ করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গণেশপুর চৌধুরী বাজারে কাপাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করে। সংবিধান অনুযায়ী সবাই নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।
এস. এম. ফয়সল আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক দল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান।
এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ কাপাই চা-বাগানসহ বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের সঙ্গে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ধানের শীষ বিজয়ী হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান আদাঐর ইউনিয়নের আতকাপাড়া, গোয়ালনগর ও কবিলপুর এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
এছাড়াও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ চৌমুহনী, বিষ্ণুপুর, মনতলা ও মাধবপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। বিভিন্ন উঠান বৈঠকে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।