প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ৬৫)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর এক নারী কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নারীকর্মী অংশ নেন। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের উপর হামলা ও লাঞ্ছনা গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত সোমবার গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।