প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:১২ এএম আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫১ পিএম (ভিজিট : ৯৭)

X
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সাজ্জাদ হোসেনকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, তিনটি দেশীয় ছুরি, তিনটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।