প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম (ভিজিট : ১৮৭)

X
পেশীশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দুটি গোয়েন্দা সংস্থার প্রস্তুত করা খুলনার অবৈধ অস্ত্রধারীদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তালিকায় অস্ত্রধারীদের নাম, পরিচয়, অবস্থান ও রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির চলতি মাসের সভায় এসব তথ্য প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে প্রধান বাধা ছিল অস্ত্রধারীদের হুমকি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবারের নির্বাচনে সে পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।
সভায় উপস্থিত একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সরকারের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করছে।
খুলনা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মাশুক সভায় বলেন, সেনা সদস্যরা ২৪ ঘণ্টা টহলে রয়েছেন। পুলিশের সঙ্গে সমন্বয় করে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ এস এম জামশেদ খোন্দকার বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সঠিক তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।