জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন এবং আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনায় মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার কিছু বিষয় রেখে কিছু বাদ দিয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেগুলো পুনরায় সংবিধানে সংযোজন করা হবে এমন ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. এম. ফয়সলকে সমর্থন জানিয়ে মাধবপুর উপজেলা উলামা পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ শাহজাহান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। ভবিষ্যতে যেন আর গণতন্ত্রের জন্য জীবন দিতে না হয় এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রাজনৈতিক কারণে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী এস. এম. ফয়সল একজন ইসলামপ্রিয়, সৎ, যোগ্য ও কর্মঠ মানুষ। এলাকার উন্নয়নে তিনি সারাজীবন কাজ করেছেন। ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দ নোমান, মাওলানা আব্বাস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাওলানা সালমান ওয়াদুদ শাহীন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা এহতেশাম উল হক, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি কেফায়েতউল্লাহ নোমানীসহ অন্যান্য আলেম ও বিএনপি নেতৃবৃন্দ।