প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম (ভিজিট : ১৬২)

X
চট্টগ্রাম মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের মোট ১১টি পরীক্ষাকেন্দ্রে একযোগে বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্র এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, অস্ত্র বহন, উচ্চস্বরে গান-বাজনা, মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ব্যতীত অন্য কারো অনধিকার প্রবেশ, কোচিং সেন্টার পরিচালনা এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাচলের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সেটিই মূল লক্ষ্য।
উল্লেখ্য, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ (আগ্রাবাদ), সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (নাসিরাবাদ), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ (এনায়েত বাজার), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (দামপাড়া), অক্সফোর্ড এম.ই.এস কলেজ এবং ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জনস্বার্থে জারি করা এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রামবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।