বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে দিয়েছে এবং নিজের ও ডামি ভোটের মাধ্যমে নির্বাচন করেছে। দেশের মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
দুলু আরও বলেন, একটি দল জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তবে যত ষড়যন্ত্রই থাকুক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে বিএনপিই বিজয়ী হবে।
তিনি দাবি করেন, তারেক রহমান দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
বুধবার (২৮ জানুয়ারি) নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন এবং জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি প্রমুখ।
পথসভায় দুলু বলেন, এমপি ও মন্ত্রী থাকাকালে তিনি নাটোরে ব্যাপক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি পূর্বের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।
তিনি শতভাগ বিশ্বাস প্রকাশ করে বলেন, নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।