প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম (ভিজিট : ৫২)

X
নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার বক্তৃতা দেন।
এসময় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব মসজিদ কেন্দ্রিক সচেতনতার মাধ্যমে ভোটারদের বোঝানো গেলে নিঃসন্দেহে গণভোটের পক্ষে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
এসময় সৈয়দপুর আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাও. মোহাম্মদ আবুল কালাম কাসেমী, নীলফামারী আলিমা মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ মুছা, কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাও. খন্দকার আশরাফুল হক নূরীসহ জেলার সকল উপজেলার ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।