প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ২১৭)

X
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া ও নির্বাচনী অফিস উদ্বোধনের জেরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার কদমতলী এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয় এবং একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডে বসতবাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনের ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে গণসংযোগ করার পর রাতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়। তবে তিনি এ ঘটনায় কাউকে নির্দিষ্ট করে অভিযুক্ত করেননি।
বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমরা কাউকে অভিযুক্ত করতে চাই না। তবে আমাদের কর্মী ও নারী ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।