প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৫২ পিএম (ভিজিট : ১২৪)

X
প্রতীকী ছবি
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলার ঢাকায় বসবাসরত মানুষের বৃহৎ সামাজিক সংগঠন পার্বতীপুর সমিতি ঢাকা-এর উদ্যোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বনভোজন-২০২৬। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সদস্যদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই অনুষ্ঠান।
সংগঠন সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি প্রাঙ্গণে এ বনভোজন অনুষ্ঠিত হবে। এতে সমিতির পাঁচ শতাধিক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।
এবারের বনভোজনকে আরও আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক খেলাধুলা, র্যাফেল ড্র ও নানা আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা, যিনি তাঁর পরিবেশনায় মঞ্চ মাতাবেন বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর সমিতি ঢাকার সভাপতি মেজর (অবসরপ্রাপ্ত) মিজানুর রহমান মণ্ডল বলেন, এবারের বনভোজন আগের যেকোনো বছরের তুলনায় আরও বর্ণাঢ্য ও ভিন্নমাত্রিক হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুরবাসীকে এই মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই ধরনের আয়োজন পার্বতীপুরের মানুষদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।