প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ৪১৪)

X
নেত্রকোনার কেন্দুয়ায় ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক ও সদস্য সচিব মো. শাহনুর কবীর খোকন, কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আজাহার আহম্মদ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।