প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম (ভিজিট : ৭৫)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সার্বিক নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি বলেন, সরাইল রিজিয়নের কুমিল্লা সেক্টরের অধীন কুমিল্লা ব্যাটালিয়ন, কুমিল্লা জেলা এবং চাঁদপুর জেলার সংসদীয় আসনগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বিজিবি।
অধিনায়ক জানান, নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে ২টি করে প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় ৩টি করে প্লাটুন মোতায়েন করা হবে। মোট ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পে সর্বমোট ৪৭টি প্লাটুনসহ ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন চলাকালে সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল চালু থাকবে এবং প্রতিটি প্লাটুনে বডি ওয়ার্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন-পূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।