প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম (ভিজিট : ৮০৪)

X
নরসিংদী বেলাবোতে নিখোঁজের তিনদিন পর বস্তা বন্দি অবস্থায় পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বেলাবো উপজেলার বাজনার ইউনিয়নের বীর বাঘবের গ্রামের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আজীমূল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।
ঘটনার বিষয়ে সরেজমিনে গিয়ে জানাযায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না।
নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখেতে পেয়ে বেলাবো থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে।
এ বিষয়ে বেলাব থানার ওসি তদন্ত নাসির উদ্দিন বলেন, জিডি দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। বর্তমানে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।