প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম (ভিজিট : ৪৮)

X
রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌসুমি আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাংশা পৌরসভার সদর বাস স্ট্যান্ড এলাকায় আমেরিকা প্রবাসীর তিনতলা বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানা পুলিশের এসআই ওয়াহিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করেন।
নিহত মৌসুমি আক্তার বৃষ্টি উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাসের মেয়ে। তিনি সৌদি প্রবাসী ও যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা মো. আসানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এ কারণে মৌসুমি আক্তার বৃষ্টি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।