প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম (ভিজিট : ৮৮২)

X
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, জেলার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেবাশীষ মন্ডল (২২) সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। সে একজন কলেজছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।
মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এ কাজে তাকে সহযোগিতা করে একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।
কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরে মামলার ছায়া তদন্তে নেমে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযুক্ত ওই যুবককে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এসআই সোহরাব হোসেন আরও জানান, র্যাব আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।