
X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনে (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) পাঁচ প্রার্থীর নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার লক্ষ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নেমে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
৪৬ নওগাঁ-১ আসনে এবারের নির্বাচনে চারজন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ধানের শীষ প্রতীক নিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি (এরশাদ) উপজেলা কমিটির সভাপতি আকবর আলী কালু এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা, সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. ছালেক চৌধুরী।
ইতোমধ্যে প্রার্থীদের নেতাকর্মীরা ভোটের মাঠে সক্রিয়ভাবে নেমে পড়েছেন। সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা আসনের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন টানিয়েছেন এবং নিজ নিজ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি মাইকিং, গণসংযোগ ও পথসভা চলছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচিত হলে তাদের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয়দের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। তবে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে।
বিগত সময়ে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবারও দলটি আসনটি ধরে রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পোরশা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম জানান, অতীতের সকল ভেদাভেদ ভুলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের পক্ষে দলটির নেতাকর্মীরাও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম জানান, জনগণের রায়ের ভিত্তিতে এবার তারা আসনটি নিজেদের ঘরে তুলতে পারবেন বলে তারা আশাবাদী।
এছাড়া তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবার আসনটি পুনরুদ্ধার করতে পারবেন বলে তার সমর্থকরা মনে করছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ ও জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী কালুও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং জনগণের সমর্থনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পোস্টাল ভোটার ৩ হাজার ৪২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৬টি।