প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : ২১৭)

X
চাঁদপুরের মতলব উত্তর লুধুয়া গ্রামে কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং টিমের সঙ্গে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের প্রচার প্রচারণা ও নির্বাচনী করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লুধুয়া ড. জালাল উদ্দিনের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাচন মনিটরিং টিমের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহাম্মদ নিলয়। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ব্যক্তিগত মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুবদলের সকল নেতৃবৃন্দকে ধানের পক্ষে কাজ করতে হবে। প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। যাতে করে মানুষ ধানের শীষে ভোট প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় আনে, সে লক্ষ্যে মান অভিমান সবকিছু ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। বিএনপি ক্ষমতায় না আসলে সেই অত্যাচার জুলুম আরো বহুদিন সহ্য করতে হবে। তাই আসুন এই অত্যাচার নির্যাতন থেকে স্থায়ী ভাবে বাঁচতে নির্বাচনের আগে কয়েকটি দিন মনোযোগ সহকারে কাজ করি।