টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শাহীন নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত শাহীন ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদ আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আলম, যিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী তাসলিমা জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে রান্নাঘরের টিন ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দেবর আলম লাঠি দিয়ে তাঁর স্বামী শাহীনের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বাদী হয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।