প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ২:৩৬ পিএম (ভিজিট : ৮৫)

X
যশোরের বাঘারপাড়া উপজেলার দড়িহাগড়া পূর্বপাড়ায় রায়হান (২৭) এর বাড়ি থেকে উদ্ধার করা গ্রেনেড সদৃশ বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম। ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টাব্যাপী যৌথ বাহিনীর অভিযানের পর এসব বিস্ফোরক নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা রায়হানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
৪টি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ১টি পিস্তল কভার, ৩৯ রাউন্ড গুলি, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, ১টি চার্জার সদৃশ ডিভাইস, ৫টি সিসিটিভি ক্যামেরা, ২টি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং কিছু নগদ ধাতব মুদ্রা।
পরবর্তীতে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এগুলোকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে চিহ্নিত করে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর বোমা ডিসপোজাল টিম নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমে এগুলো ধ্বংস করে।
সেনাবাহিনীর বাঘারপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামি রায়হানসহ এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।