টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে একটি পরিত্যক্ত ঘর থেকে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু মারিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বড় ভাই জুবায়ের হোসেন জানান, ২৬ জানুয়ারি থেকে মারিয়া নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজি এবং ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানেও সে পাওয়া যায়নি। ৩১ জানুয়ারি তার বাবা উজ্জল হোসেন ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
স্থানীয়রা রবিবার ভোরে ফজর নামাজের পর ঘরের ভিতরে এক স্টীলের বাক্সে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজন স্থানীয় যুবককে আটক করা হয়েছে। নিহতের পরিবার দাবী করেছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে।