প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম (ভিজিট : ৪৫৩)

X
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও সড়ক নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনের বিভিন্ন সরঞ্জাম অকেজো করে দেওয়া হয়। এর ফলে ওই এলাকায় চলমান অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
একই দিনে উপজেলার তুষভান্ডার ক্যাপ্টেন মোড় বাজার এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৯ জন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। অভিযান চলাকালে তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও সড়ক নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।