প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
গত ১৩ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। সেদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী জহিরুল ইসলাম। তিনি আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।
আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনা, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ১৭ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তারা পলাতক রয়েছেন। এ কারণে তাদের পক্ষে কোনো আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি।
মামলার একমাত্র কারাবন্দি আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম আদালতে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, দুদক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তার মক্কেলের খালাস প্রার্থনা করেন।
এ মামলার রায়কে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।