সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের ব্যবহৃত সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন

2026-02-02T13:19:31+00:00
2026-02-02T13:19:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ৯৮)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের ব্যবহৃত সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা সরকারি বাসা ছেড়ে দিয়েছেন এবং বাসা বুঝে নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

এ ছাড়া তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি বাসা ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টাও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি বাসভবন ছাড়বেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন বলে জানা গেছে।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান রোববার বলেন, “একজন উপদেষ্টার সরকারি বাসা ছেড়ে দেওয়ার চিঠি আমাদের দপ্তরে এসেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি ৩১ জানুয়ারি বাসা ছেড়েছেন।”

সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও তার লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন।

গতকাল (১ ফেব্রুয়ারি) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজনে সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন। তবে তিনি ও তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপোর্ট জমা দেননি বলে জানান তিনি।

এদিকে, পদত্যাগের প্রায় দুই মাস পার হলেও ১ ফেব্রুয়ারি পর্যন্ত সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম সরকারি বাসভবন ছাড়েননি। ছাত্র প্রতিনিধিত্বের ভিত্তিতে উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া এই দুইজন গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা পরদিন গৃহীত হয়।

আবাসন পরিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসর গ্রহণের পর দুই মাস পর্যন্ত সরকারি বাসায় থাকতে পারেন। সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরও চার মাস সময় পাওয়া যায়। বদলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে মন্ত্রী বা উপদেষ্টাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার উদ্যোগ এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টারা পদাধিকারবলে সরকারি আবাসন পরিদপ্তরের মাধ্যমে বিশেষ শর্তে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট বা বাংলো বরাদ্দ পান। পদত্যাগ বা মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে এসব বাসভবন হস্তান্তর করতে হয়।

একইভাবে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও সংসদ সদস্যরা পাঁচ বছর মেয়াদি লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট পান। পদত্যাগ, মেয়াদ শেষ বা সরকার পরিবর্তনের পর এসব পাসপোর্ট ফেরত দেওয়া বাধ্যতামূলক এবং সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy