তৃতীয় দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর অচল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর কার্যত

2026-02-02T14:02:27+00:00
2026-02-02T14:02:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয় দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর অচল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৯৮)
X

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের গেটগুলোতে গিয়ে দেখা যায়, বেসরকারি বার্থ অপারেটরদের শ্রমিকরা কাজ করতে না পেরে ফিরে যাচ্ছেন।

কর্মসূচির কারণে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার ওঠানামা এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে বন্দরের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ স্বাভাবিক রয়েছে।

বারিক বিল্ডিং থেকে সল্টগোলা এলাকা ঘুরে দেখা গেছে, বন্দরের গেটগুলো খোলা থাকলেও কোনো গাড়ি ভেতরে ঢুকছে না বা বের হচ্ছে না। নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় মিছিল বা সমাবেশ করা হয়নি।

টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তিন নম্বর গেট এলাকায় বন্দর থেকে বের হওয়ার পথে কথা হয় বেসরকারি বার্থ অপারেটরের শ্রমিক আবুল ফজলের সঙ্গে। তিনি বলেন, গত তিনদিন ধরে আমরা কোনো কাজ করতে পারিনি। আজ সকালে কাজে এসে ফিরে যাচ্ছি। বন্দরের শ্রমিকরা বুকিং নিচ্ছেন না। কোনো লোড আনলোড হচ্ছে না। তাই ফিরে যাচ্ছি।

তিনি বলেন, বন্দরের নিয়মিত শ্রমিকরা কাজ না করলেও বেতন পান। আমরা বেসরকারি শ্রমিকরা কাজ না করলে বেতন পাই না। বন্দরের শ্রমিকদের আন্দোলনে আমরা বিপাকে পড়েছি।

৩ নং গেটে পান বিক্রেতা আবুল কাশেম বলেন, প্রতিদিন ১৮০০ থেকে দুই হাজার টাকার বিক্রি হয়। বন্দরে শ্রমিকদের আন্দোলন চলায় গত দুইদিন আড়াইশো থেকে সাড়ে তিনশ টাকা বিক্রি করেছি। এখন সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা দিনে এনে দিনে খাই।

এর আগে, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি অপারেশনে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ১ ফেব্রুয়ারিও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। ঘোষণা অনুযায়ী আজও (সোমবার) সকাল ৮টা থেকে কর্মবিরতি করছেন বন্দর শ্রমিকরা। এতে বন্দর অপারেশনে অচলাবস্থা তৈরি হয়। বন্ধ রয়েছে পণ্য খালাসও। বন্দর থেকে এ সময়ে পণ্য ছাড় করতে পারছেন না আমদানিকারকরা।

এদিকে, আন্দোলনের নামে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ৩ দিনে তিন দফায় আন্দোলনে জড়িত ১৬ কর্মচারীকে ঢাকাসহ চট্টগ্রামের বাইরে বন্দরের বিভিন্ন স্থাপনায় বদলি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy