পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার সংসদ সদস্য নির্বাচনে এবার বড় ভূমিকা রাখতে যাচ্ছেন প্রবাসীরা। হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়

2026-02-02T17:39:17+00:00
2026-02-02T17:39:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

সাতক্ষীরার সংসদ সদস্য নির্বাচনে এবার বড় ভূমিকা রাখতে যাচ্ছেন প্রবাসীরা। হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে প্রস্তুত জেলার ৫ হাজার ৬৮৬ জন রেমিট্যান্স যোদ্ধা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন থেকে মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন, যার একটি বড় অংশই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাতক্ষীরার প্রবাসী নাগরিক।


জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন শেষে প্রবাসীসহ সকল নিবন্ধিত ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ব্যালট হাতে পাওয়ার পর ভোটাররা নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিয়ে তা ডাক বিভাগের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাচ্ছেন।


আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রবাসী ভোটার রয়েছেন ২ হাজার ৫৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৮১ জন এবং নারী ভোটার ৭৫ জন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন।


সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে প্রবাসী ভোটার সংখ্যা ১ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন। এই আসনেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সর্বাধিক নিবন্ধন হয়েছে। সাতক্ষীরা-২ আসনের মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন।


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১ হাজার ২৩৫ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৯৮ জন এবং নারী ভোটার ৩৭ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ২২১ জন।


অন্যদিকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে প্রবাসী ভোটার রয়েছেন ৭০১ জন। এর মধ্যে পুরুষ ৬৬৫ জন এবং নারী ৩৬ জন। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫২ জন।


জেলা নির্বাচন কার্যালয় জানায়, প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার মিলিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসীদের অংশগ্রহণকে এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, প্রবাসে অবস্থান করেও যাতে ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ফেরত আসা ব্যালটগুলো যথাযথভাবে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।


রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, বর্তমানে সাতক্ষীরা জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy