
X
প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৫ ও স্প্রিং সেমিস্টার-২০২৬’ এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ মো. আশরাফ আলী, মীর সাহাবুদ্দীন, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী, মো. মামুন সোবহান এবং ফিরোজ মাহমুদ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইসলাম মো. হাসনাত, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, বোর্ড সেক্রেটারি এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সম্মানিত অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং নবাগত শিক্ষার্থীরা।
উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় নবাগত শিক্ষার্থীদের পক্ষে দুইজন শিক্ষার্থী এবং একজন প্রাক্তন শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।
প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হানিফ এমদাদ, এডভোকেট (অ্যাপিলেট ডিভিশন), সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার সফলতার পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কে. এইচ. হাসানুজ্জামান এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের কর্পোরেট গ্রুপ ম্যানেজার নির্মল কুমার দে নবাগত শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা নবাগত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করে ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্বদানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু নবাগত শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সৃজনশীল ও শিক্ষাবান্ধব কার্যক্রমের তথ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।