প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম (ভিজিট : ৫১)

X
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্বে থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার সদস্যদের অস্ত্র ও সরঞ্জাম বৃদ্ধি করা হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, আনসার সদস্যদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে এই ধরনের প্রস্তুতিমূলক সমাবেশ এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের সমাবেশ আয়োজন করা হবে। নয় লক্ষাধিক নিবন্ধিত আনসার ও ভিডিপি সদস্যের মধ্য থেকে প্রায় পাঁচ লাখ ৬০ হাজার সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারাদেশে আনসার ও ভিডিপির সদস্যরা ছড়িয়ে রয়েছে। দেশসেবার মহান ব্রত নিয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনকালীন সময়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা অনেকাংশে আপনাদের ওপর নির্ভর করছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী এবং জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি খুলনা বিভাগের তিনটি জেলায় একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
সমাবেশ শেষে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।