প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৬৭৮)

X
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী মন্ডল ওরফে সাহাজুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু।
দলীয় সূত্রে জানা গেছে, শাহাদৎ আলী সাহাজুল দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি বিএনপির মনোনীত প্রার্থী ও দলীয় প্রতীক ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
তবে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে শাহাদৎ আলী সাহাজুল বলেন, “আমাকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কেউ আহ্বান জানায়নি। সে কারণে আমি বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করিনি।”