প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ৬৪)

X
শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যার ৯ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রেস ক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, নিহত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার এবং সভাপতিত্ব করেন সভাপতি এম. এ. জাফর লিটন।
জানা গেছে, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসভার তৎকালীন মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু এবং স্থানীয় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন এবং পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
তদন্ত শেষে থানা পুলিশ পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে শিমুল হত্যা মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। কিন্তু আসামিপক্ষের নানা কৌশল, রাজনৈতিক প্রভাব ও আইনী জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর পরও শিমুল হত্যার মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি।
শিমুল হত্যার ৯ম বার্ষিকীতে তার স্বজন ও সহকর্মীরা অবিলম্বে বিচার কার্যক্রম শুরু এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।