প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ এএম (ভিজিট : ৬৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রচারণা কার্যক্রম তদারকিতে খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম।
অভিযানকালে একই স্থানে সংসদ নির্বাচনের প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৩-এর (গ) দফা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত একই বিধিমালার বিধি ২৭-এর দফা (ক) অনুযায়ী পৃথক দুটি মামলায় উভয়কে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অভিযানে আরও দেখা যায়, বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদ্বয়ের নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে স্থাপিত বিলবোর্ডগুলোর আকার আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৪-এর দফা (ক)-এ নির্ধারিত আকারের চেয়ে বড়। এ কারণে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হলে তারা সঙ্গে সঙ্গে তা অপসারণ করেন।
অভিযান শেষে উপস্থিত প্রার্থী, প্রতিনিধি ও সাধারণ জনগণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।