
X
জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর কেন্দ্র ঘোষিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিসিএসআইআর কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন), চট্টগ্রাম এর উদ্যোগে মঙ্গলবার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
চট্টগ্রাম গবেষণাগারের কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ আছাদুর রহমান জুয়েল, বিসিএসআইআর কর্মচারী ইউনিয়নের সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, টিকলু তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, সুলতান মাহমুদ সুজন, গোলাম রব্বানী, ইসরাত জাহান, মোঃ আমিনুর রহমান, উমা দাশ, অমিত শীল, মোঃ সাইফুল ইসলাম, মীর হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন- উচ্চমূল্যের বাজারে মাত্র ৮ হাজার ২ শ ৫০ টাকা বেতন দিয়ে জীবনযাপন করা অত্যন্ত দুষ্কর। সরকার বারবার আশ্বস্ত করলেও দীর্ঘ ১১ বছরেও পে-স্কেল প্রদান করা হয়নি।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল প্রদানের নিমিত্তে পে-কমিশন গঠন করে। সে কমিশন চলতি বছরের ২১ জানুয়ারী তাদের রিপোর্ট সরকারের নিকট দাখিল করেন। কিন্তু অর্থ উপদেষ্টা পে কমিশনের রিপোর্ট মোতাবেক নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না করে কমিটি করে দেয়ার নামে কালক্ষেপন করছেন এবং অপরদিকে জ্বালানী উপদেষ্টা এ বিষয়ে তার দায়িত্ব না থাকা সত্বেও স্বপ্রণোদিত হয়ে অযাচিতভাবে পে-স্কেল বাস্তবায়ন সম্পর্কিত হতাশাব্যঞ্জক বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না" বলে মতামত দেন।
তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন হবে। তারা এ প্রস্তাব রাখতেও পারেন আবার বাদও দিতে পারেন। অপরদিকে অর্থ উপদেষ্টা এখন পর্যন্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে কোন বক্তব্য না দেয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তীব্র থেকে তীব্রতর আকার ধারন করছে।
এরই ফলশ্রুতিতে গত ১ ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশের কর্মচারীরা রাজপথে নেমে দাবি আদায়ে বিক্ষোভ করছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরাসরি অভিভাবক উল্লেখ করে আমরাও মানুষ, ক্ষুধার জ্বালা, পরিবারের ভরণপোষণের ব্যয়ভার আমরা কোনভাবেই বহন করতে পারছি না। কর্মচারীদের অভাব অনটনের কথা বিবেচনা করে পে-স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করে দিয়েছিলেন। তাই পূর্বের সুবিধা টাইম স্কেল, সিলেকশন গ্রেড ফিরিয়ে দিয়ে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের ব্যবস্থা করে কর্মচারীদের দুঃখ-দুর্দশা লাঘব করুন।
এসময় পে-স্কেল গেজেট প্রকাশ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আন্দোলনকারীরা পে-স্কেলের গেজেট না নিয়ে রাজপথ হতে ফিরবেনা।