প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম (ভিজিট : ৬৯)

X
পিবিআইয়ের একটি মাইক্রোবাস ভাঙচুর করা
নীলফামারীর সৈয়দপুরে আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।
এ ঘটনায় পিবিআইয়ের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে এবং দুই সদস্য আহত হয়েছেন। হামলার সুযোগে পালিয়ে গেছেন গ্রেপ্তার আসামি।
গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডের খালেক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মহসিন আলী। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। খালেদ মার্কেটে তাঁর একটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান আছে।
অন্যদিকে আহত দুজন হলেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এআই) মফিজুল ইসলাম ও কনস্টেবল সত্যেন্দ্রনাথ রায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতারণা মামলার আসামি মহসিন আলীকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসে। খালেদ মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তারও করা হয়। মাইক্রোবাসে তোলার সময় ওই আসামি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে সেখানে আশপাশের লোকজন জড়ো হয়ে ‘মব’ তৈরি করে। এ সময় পিবিআই সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। হামলার এক পর্যায়ে আসামি মহসিন আলী পালিয়ে যান।
খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্য ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল সৈয়দপুরে অভিযান চালিয়েছিল। দলটির ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।