প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ১৯৩)

X
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL) ও বুয়েট রোবোটিক্স সোসাইটির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইসিই) বিভাগের সহযোগিতায় আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী আয়োজন ‘এনডব্লিউপিজিসিএল–বুয়েট রোবো কার্নিভাল ২০২৬’।
বুয়েটের ইসিই ভবনে আয়োজিত এই কার্নিভালে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন দেশের প্রযুক্তিখাতে তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম দিন: উদ্বোধন ও প্রতিযোগিতা
৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইসিই ভবনের কক্ষ ৬৩৪-এ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসিই ভবনের প্লিন্থ এলাকায় অনুষ্ঠিত হবে লাইন ফলোয়ার চ্যালেঞ্জ (LFR) ও ফায়ার ফাইটিং বট প্রতিযোগিতা। পাশাপাশি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একই স্থানে আয়োজন করা হবে রোবো রেসলিং প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন: আইডিয়া চ্যালেঞ্জ ও সমাপনী
৬ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ইসিই ভবনের ৮ম তলায় অনুষ্ঠিত হবে ‘পাওয়ার আপ ৪.০ আইডিয়া চ্যালেঞ্জ’ ও রোবো অলিম্পিয়াড। একই সময়ে ইনস্টিটিউট অব রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, বুয়েট (IRAB) এ চলবে প্রজেক্ট শোকেসিং প্রদর্শনী।
এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
আয়োজক কমিটির মতে, উদ্ভাবনী প্রযুক্তি, সৃজনশীলতা ও তরুণ মেধার সম্মিলনে এই রোবো কার্নিভাল দেশের প্রযুক্তি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।