প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম (ভিজিট : ৯৬)

X
কক্সবাজারের রামুতে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
আজ বুধবার ভোররাতে নজরুলের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত তার খামারবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। এরপর ভোরে খামারের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, নজরুল ইসলামের হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যা তার মৃত্যুকে ঘিরে সন্দেহের সৃষ্টি করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছিল। তবে শরীরে আঘাতের চিহ্ন থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।