
X
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সাথে নির্বাচন করায় দলীয় প্রার্থী ও তার শরীকদের থেকে নানা হুমকি ও অসদাচারণের প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ঘটিকায় উপজেলার পৌর শহরের কাচারী পাড়ায় এক সংবাদ সম্মেলন ডেকে তারা নিজেদের বিএনপি থেকে বহিষ্কারের এ ঘোষণা দেন।
এসময় উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রাসেল পারভেজ এ ঘোষণা পত্রটি পাঠ করেন।
এ সময় তিনি বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট শাসনামলে সর্বাধিক রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আন্দোলনে নেতৃত্বদানকারী আমাদের ঈশ্বরদী বিএনপির অভিভাবক জাকারিয়া পিন্টুকে ছাড়িনাই। আমরা প্রত্যাশা করেছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের শেষ আশ্রস্থল ও ভরশার কেন্দ্র জাকারিয়া পিন্টুকে দল মনোনয়ন দিবে। কিন্তু হাইকমান্ড তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে যিনি পূর্বে আওয়ামীলীগ করতেন এবং তৃণমূলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে যার কোন সম্পর্ক নাই তাকে মনোনয়ন দিয়েছে। যার সকল প্রয়াস তৃণমূলের পরিক্ষিত নেতাকর্মীদের বিপদগ্রস্থ করা।
তিনি আরও বলেন, যে দলের জন্য বিগত দিন গুলিতে সর্বস্ব ত্যাগ করে রাজপথে থেকেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই দল থেকে এখন সৎ ছেলের থেকে নির্মম আচরণ পাচ্ছি। আমরা হাবিবুর রহমান হাবিবের অত্যাচারে আমাদের পক্ষে দল করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ঈশ্বরদীর তৃণমূলের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো: শাহরিয়ার হোসেন সাহান, সদস্য ঈশ্বরদী উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি, মোঃ শাহীন হোসেন সাধারন সম্পাদক, ১ নং ওয়ার্ড যুব দল, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাযক, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রওশন আলম পাপ্পু , রাসেল পারভেজ, আসাদুল ইসলাম আসাদ, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের মোঃ ফয়সাল আহমেদ ফারুক, মোঃ রুমন আলী, মোঃ এনায়েত আলী, দাশুড়িয়া ইউনিযন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সোহেল খান, সাহাপু ইউনিযন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাসেল পারভেজ, সহ সভাপতি মোঃ ইব্রাহিম আলী, মোঃ ওসমান মন্ডল মোঃ সানারুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মুলাডুলি ইউনিয়ন, সাড়া ইউনিয়ন, পৌর সভা, কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে বহিস্কার করেছে দলটি। তাছাড়া দলীয় মনোনীত প্রার্থীর সাথে নির্বাচন না করায় ইতোমধ্যেই ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়কসহ ৬ জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সাংসদ।