প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ৫৯)

X
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে অভিযান চালিয়ে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল মাহমুদুল হাসান।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে।
মধ্যরাত থেকে শুরু হওয়া ভোররাত পযর্ন্ত অভিযানে যৌথবাহিনী দোহাজারী পৌরসভাস্থ বার্মা কলোনিকে চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করে।
পরে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থানান্তরিত করা হয়।