
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনকে ঘিরে অতীতের যেকোনো সময়ের তুলনায় সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় এখন আরও গভীর ও নিবিড় বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরগুনায় আয়োজিত এক ব্রিফিংয়ে নৌবাহিনী প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের। সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
নৌবাহিনী প্রধান বলেন, “অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক অনেক বেশি গভীর ও সমন্বিত। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া ও সমন্বয় রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শুধু বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেই প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ।
এর আগে বেলা সাড়ে ১১টায় নৌবাহিনী প্রধান হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। পরে তিনি নৌবাহিনীর কন্টিনজেন্ট ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। স্বার্থান্বেষী মহলের যেকোনো অপতৎপরতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য নৌবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এ সময় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।