প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ১৪৮)

X
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, “আপনারা যেমন চাঁদাবাজি চান না, আমরাও তেমনি চাঁদাবাজি চাই না। আমাদের কোনো নেতাকর্মীর কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে জানাবেন। আমি কঠোর ব্যবস্থা নেব। আমার নম্বর সবার কাছেই আছে, প্রয়োজনে আবারও নম্বর দিয়ে যাব।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর পুরাতন হাটখোলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যে দলের নেতাকর্মীদের কাছে সাধারণ মানুষ যেতে পারে না, সে দল কোনো দল হতে পারে না, আর তারা কেউ নেতা হতে পারে না। আপনারা আমার বাবা হারুন অর রশিদকে চেনেন। তিনিই আমাকে রাজনীতিতে এনেছেন। আমার বাবা যেমন মানুষের জন্য রাজনীতি করেছেন, আমিও তেমনি আপনাদের জন্য রাজনীতি করছি।”
এ সময় তিনি বলেন, “আপনাদের সবার কাছে আমার একটাই দাবি,ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তাহলে কিছুই হবে না। আমরা সবাই হতাশায় পড়ে যাব।”
গণসংযোগে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি গড়পাড়া ইউনিয়নের প্রায় দুই হাজার সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।