প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম (ভিজিট : ১৫৯)

X
ধানের শীষের নারী প্রচার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রচারণা না চালাতে মানসিক চাপ সৃষ্টি এবং নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় নীলফামারী শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগের কার্যালয়ে অনুস্টিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এর আয়োজন করে নীলফামারী উন্নয়ন মঞ্চ। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন।
অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় যায় উন্নয়ন মঞ্চের ৯/১০ জনের নারী কর্মী।
এ সময় স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা কর্মী উন্নয়ন মঞ্চের নারীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকাসহ ভয় ভীতি প্রদর্শণ করে।
খোকশাবাড়ি ইউনিয়নে উন্নয়ন মঞ্চের নারী সমন্বয়কারী শারমিন আকতার এলিন অভিযোগ করে বলেন, আমাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ করা হয়। তাৎক্ষনিকভাবে আমরা সরে আসি এবং পরে জানতে পারি বাঁধা দেয়া ব্যক্তিরা জামায়াত শিবিরের স্থানীয় নেতা কর্মী।
উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন অভিযোগ করেন ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী পরিবেশ খারাপ করা হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু বলেন, এমন অভিযোগ সঠিক নয়। জামায়াত প্রার্থীর জনপ্রিয়তা দেখে এমন মিথ্যে অভিযোগ করা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারী জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।