
X
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, দেশের ভৌগোলিক মানচিত্র বদলাবে না, তবে রাষ্ট্রের চরিত্র বদলাতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মানুষ গুমের শিকার হয়, মিথ্যা মামলায় হয়রানি হয়। আমরা চাই না আলেম-ওলামাদের নাজেহাল করা হোক কিংবা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইবোনেরা নির্যাতনের শিকার হোক।
তিনি আরও বলেন, হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের মিছিল এই বাংলাদেশও আমরা চাই না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে অর্থ, পেশিশক্তি, গোষ্ঠী বা দলীয় প্রভাব না থাকলেও একজন সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। গরিবের ঘরে জন্ম নিয়ে মেধার বিকাশ ঘটিয়ে যে কেউ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে এই বাংলাদেশই আমাদের স্বপ্ন।
দুর্নীতির প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আমরা এমন রাজনীতি চাই না, যেখানে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করা হয় না। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমপাড়া, সিঙ্গাপুর কিংবা কানাডা গড়ে তোলে সে ধরনের বাংলাদেশ আমরা চাই না।
তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার কায়েম হবে। যেখানে সাধারণ মানুষ ও রাষ্ট্রের শীর্ষ পদে থাকা ব্যক্তি সবার জন্য আইন সমান হবে। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি একই অপরাধ করলে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’- এই স্লোগান শেষ। যার ভোট, সে-ই ভোট দেবে। জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে, আমরা তাদের অভিনন্দন জানাব। তবে ভোটের অধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের জন্ম হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। সেই বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক।
জনসভা শেষে জামায়াত আমির ফরিদপুর-১ আসনের জামায়াত প্রার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লার হাতে দলীয় প্রতীক তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদিরুদ্দিন, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শারাফাত হোসাইন প্রমুখ।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতারা জনসভায় উপস্থিত ছিলেন। ফরিদপুর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আবু হারিছ মোল্লার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।