চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন অবশেষে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর সেন্টারে তিনি গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান। গণসংযোগ ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মনোনয়নের দাবিতে বিভিন্ন সময় নেতাকর্মীরা সমাবেশ ও মিছিল করেছে। তবে এবার বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
এদিকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আলী আব্বাস, মোস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদুল আলম ইতিমধ্যে ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সবশেষ শুক্রবার লায়ন হেলাল উদ্দিন ধানের শীষের পক্ষে প্রচারণায় নামায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে মনোনয়ন বঞ্চিত নেতারাও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন। ফলে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।